দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর রাজনৈতিক নেতা বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। বিচ্ছেদের জন্য আদালতে করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। এর মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণনের একটি ইঙ্গিতপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
জানা গেছে, চেঙ্গালপট্টু ফ্যামিলি কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়ে বিচ্ছেদের মামলাটি আর এগিয়ে নিতে চান না বলে জানান সঙ্গীতা। তার সিদ্ধান্তে বিজয়ের পক্ষ থেকেও কোনো আপত্তি জানানো হয়নি। পরে আদালত মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে মামলা করার সুযোগও রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজয়ের বিরুদ্ধে দাম্পত্য অবহেলা, মানসিক নির্যাতন, প্রতারণা ও পরকীয়ার অভিযোগ এনে বিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। অভিযোগে অন্য এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার কথাও উঠে আসে। যদিও ওই অভিনেত্রীর নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
এদিকে বিচ্ছেদের মামলা প্রত্যাহারের খবরের পরই তৃষা কৃষ্ণনের একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কাউকে সরাসরি উদ্দেশ করে নাম না বললেও তিনি লেখেন, ‘এই বয়সে এসব নাটক দেখা সত্যিই লজ্জাজনক।’ তার এমন মন্তব্যকে অনেকেই বিজয়ের সাম্প্রতিক পারিবারিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন।
তবে তৃষার পোস্টটি বিজয়কে উদ্দেশ করেই করা হয়েছে কি না, সে বিষয়ে অভিনেত্রী নিজে কোনো ব্যাখ্যা দেননি। বিজয় বা তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিজয় ও তৃষা দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত জুটি। ‘গিলি’, ‘থিরুপাচি’, ‘কুরুভি’ ও ‘লিও’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দায় তাদের জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে বাস্তবে তাদের সম্পর্কের বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনো নিশ্চিত তথ্য দেননি।