ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যার শুরুটা হচ্ছে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল)। সকাল ১১টায় মিরপুরে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
সবশেষ দু’টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে হারালেও বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার পথ এখনো কঠিন। সেটি করতে না পারলে বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশকে।
আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার ক্ষেত্রে টাইগারদের সামনে এখন প্রত্যেকটা সিরিজই সমান গুরুত্বপূর্ণ। তবে মিরাজ সিরিজ নয়, এগোতে চান ম্যাচ বাই ম্যাচ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী মিরাজকে সিরিজের লক্ষ্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘শুরুটা খুবই গুরুত্বপূর্ণ ও টার্গেটটা ওভাবে সেট করা উচিত না। যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সিরিজ বিবেচনায় আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা ভালো ক্রিকেট খেলে জিততে চেষ্টা করব।’
এদিকে এবার নিউজিল্যান্ড দল বাংলাদেশে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ১৪ জনই নেই এই দলে। ফলে খানিকটা স্বস্তিতেই আছে বাংলাদেশ দল।
তবে মিরাজ নিউজিল্যান্ডকে ছোট করে দেখছেন না। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড দলকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের পক্ষে রেজাল্ট আনতে। আমরা যদি সিরিজ জিততে পারি, এটা আমাদের জন্য হবে অনেক বড় একটা অর্জন।’
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন আছে ৯ নম্বরে। আগামী বছরের ৩১ মার্চ তারিখ পর্যন্ত এই র্যাঙ্কিং ধরে রাখতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ। বিষয়টা মাথায় আছে অধিনায়ক মিরাজের। তিনি বলেন, ‘যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে। তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা।’