বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে খাদ্যপ্রযুক্তি শিক্ষা চালু করা এখন আর বিলাসিতা নয়, সময়ের দাবি। দেশ যখন এখনও অপুষ্টি, খাদ্যে ভেজাল এবং অস্বাস্থ্যকর খাদ্যব্যবস্থাপনার মতো সমস্যার মুখোমুখি, তখন তরুণ প্রজন্ম তারা কী খাচ্ছে এবং খাদ্য কীভাবে উৎপাদিত হয় সে সম্পর্কে শিক্ষিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে দেশের খাদ্যপ্রক্রিয়াজাত শিল্প দ্রুত বিকাশ লাভ করছে, যা কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির নতুন সুযোগ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে খাদ্যপ্রযুক্তি শিক্ষা জনস্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।
খাদ্যপ্রযুক্তি শিক্ষা শুধু রান্না শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পুষ্টি, খাদ্যনিরাপত্তা, বিজ্ঞান এবং খাদ্যপ্রক্রিয়াকরণের মৌলিক ধারণাকে একত্রিত করে। মাধ্যমিক পর্যায়ে এই শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা সুষমখাদ্য, নিরাপদ খাদ্যব্যবস্থাপনা এবং দূষিত বা ভেজাল খাবারের ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারবে। বিশেষ করে কিশোর-কিশোরীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তাদের শারীরিক ও মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অল্প বয়সে খাদ্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করলে তারা আজীবন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সক্ষম হবে।
বর্তমানে বাংলাদেশে স্কুল পর্যায়ে খাদ্য-সম্পর্কিত কিছু শিক্ষা থাকলেও তা বিচ্ছিন্ন ও অপর্যাপ্ত। সাধারণ মাধ্যমিক শিক্ষা (এসএসসি) পর্যায়ে খাদ্যবিজ্ঞান বা খাদ্যপ্রযুক্তি নামে কোনো স্বতন্ত্র বিষয় নেই। শিক্ষার্থীরা গৃহবিজ্ঞান বিষয়ে পুষ্টি ও রান্নার প্রাথমিক ধারণা পায়, আর কৃষি ও সাধারণ বিজ্ঞানে খাদ্য উৎপাদন ও মানবদেহে পুষ্টির কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকে। তবে এসব বিষয় খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্যনিরাপত্তাব্যবস্থা বা শিল্পভিত্তিক খাদ্যপ্রযুক্তির দিকগুলোকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরে না।
অন্যদিকে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থায় তুলনামূলকভাবে বেশি কাঠামোবদ্ধ খাদ্যসম্পর্কিত শিক্ষা রয়েছে। এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) পর্যায়ে শিক্ষার্থীরা খাদ্য, আতিথেয়তা ও কৃষিসংশ্লিষ্ট ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পায়। এছাড়া এসএসসি পাস করার পর শিক্ষার্থীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে খাদ্যপ্রযুক্তিতে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারে। এই কোর্সটি সাধারণত এসএসসি-উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য চার বছর মেয়াদি, তবে উচ্চমাধ্যমিক বা সমমানের যোগ্যতা নিয়ে ভর্তি হলে কিছু ক্ষেত্রে কম সময়ে সম্পন্ন করা যায়। এসব প্রোগ্রামে খাদ্যপ্রক্রিয়াকরণ, অণুজীববিজ্ঞান, গুণমান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং সম্পর্কে বিস্তারিত জ্ঞান প্রদান করা হয়। তবে এ ধরনের সুযোগ সবার জন্য সহজলভ্য নয় এবং নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে সীমাবদ্ধ।
ফলে শিক্ষাব্যবস্থায় একটি স্পষ্ট ঘাটতি তৈরি হয়েছে। একদিকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খাদ্যপ্রযুক্তি ও খাদ্যবিজ্ঞানে শক্তিশালী শিক্ষা ব্যবস্থা রয়েছে, অন্যদিকে স্কুল পর্যায়ে এর কোনো সুসংগঠিত ভিত্তি নেই। এর ফলে অনেক শিক্ষার্থী খাদ্যবিজ্ঞান, সংশ্লিষ্ট ক্যারিয়ার এবং দৈনন্দিন জীবনে খাদ্যনিরাপত্তার গুরুত্ব সম্পর্কে অজ্ঞ থেকে যায়। উন্নত দেশগুলোর অভিজ্ঞতা দেখায় যে, এই ধরনের শিক্ষা অত্যন্ত কার্যকর। যুক্তরাজ্যে মাধ্যমিক শিক্ষায় ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ের অংশ হিসেবে খাদ্যশিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে শিক্ষার্থীরা রান্নার পাশাপাশি পুষ্টি ও খাদ্য বিজ্ঞানের ধারণা শেখে। যুক্তরাষ্ট্রে ফ্যামিলি অ্যান্ড কনজিউমার সায়েন্সেস এবং ক্যারিয়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে খাদ্যশিক্ষা প্রদান করা হয়, যেখানে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার সমন্বয় ঘটে। ইউরোপের বিভিন্ন দেশে খাদ্যশিক্ষা স্বাস্থ্য, পরিবেশ ও টেকসই উন্নয়নের সঙ্গে যুক্ত। এসব উদাহরণ প্রমাণ করে যে, খাদ্যপ্রযুক্তি শিক্ষা তখনই সবচেয়ে কার্যকর হয়, যখন তা ব্যবহারিক, বিজ্ঞানভিত্তিক এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়।
বাংলাদেশের জন্য একটি কার্যকর খাদ্য প্রযুক্তি পাঠ্যক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত। এর মধ্যে রয়েছে পুষ্টি ও সুষম খাদ্য, খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যবিধি, রান্না ও খাদ্যপ্রক্রিয়াকরণের বৈজ্ঞানিক দিক, খাদ্যসংরক্ষণ ও প্যাকেজিং এবং খাদ্যের গুণমান ও ভেজাল শনাক্তকরণ। পাশাপাশি খাদ্য-অপচয় কমানো, টেকসই খাদ্যব্যবস্থা এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা যেতে পারে। ব্যবহারিক কার্যক্রম। যেমন রান্না, ছোটখাটো পরীক্ষা এবং প্রকল্পভিত্তিক শিক্ষাÑ এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।
বাংলাদেশে এই শিক্ষা চালু করতে ধাপে ধাপে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। প্রথমে বিজ্ঞান, স্বাস্থ্যশিক্ষা বা কৃষি বিষয়ের সঙ্গে খাদ্যসম্পর্কিত মৌলিক বিষয়গুলো যুক্ত করা যেতে পারে। পরবর্তীতে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে এটি একটি ঐচ্ছিক বিষয় হিসেবে চালু করা যেতে পারে। ব্যবহারিক শিক্ষার জন্য বিদ্যালয়ে ছোট আকারের ল্যাব বা রান্নাঘর স্থাপন করতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যেখানে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশে ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে খাদ্যপ্রযুক্তি, খাদ্যবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করা হচ্ছে। এসব প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে সহায়তা করতে পারে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সহায়তা এবং শিক্ষার্থীদের জন্য কর্মশালা বা শিক্ষাসফরের মাধ্যমে। এর ফলে বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি হবে।
খাদ্যপ্রযুক্তি শিক্ষা চালুর সুফল বহুমাত্রিক। শিক্ষার্থীরা একদিকে স্বাস্থ্য সচেতনতা অর্জন করবে, অন্যদিকে ব্যবহারিক জীবন দক্ষতা গড়ে তুলবে। একই সঙ্গে তারা খাদ্যশিল্পে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবে এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। দেশের জন্য এটি একটি সচেতন নাগরিক সমাজ গঠনে সহায়ক হবে এবং খাদ্যশিল্পের জন্য দক্ষ জনবল তৈরি করবে।
বাংলাদেশের উচিত একটি সমন্বিত জাতীয় কৌশলের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে খাদ্যপ্রযুক্তি শিক্ষা চালু করা। স্বল্পমেয়াদে বিদ্যমান বিষয়গুলোর মধ্যে খাদ্যসম্পর্কিত বিষয়বস্তুর প্রতি গুরুত্ব দিতে হবে। মধ্যমেয়াদে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে তাত্ত্বিক ও ব্যবহারিক উপাদানসহ একটি কাঠামোবদ্ধ ঐচ্ছিক বিষয় চালু করা যেতে পারে। দীর্ঘমেয়াদে খাদ্যপ্রযুক্তিকে বিজ্ঞান, স্বাস্থ্য ও কারিগরি দক্ষতার সমন্বয়ে একটি স্বীকৃত আন্তঃবিষয়ক বিষয় হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
এই উদ্যোগ সফল করতে সরকারকে বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং খাদ্যশিল্পের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শহর ও গ্রামের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। এভাবে বাংলাদেশ এমন একটি প্রজন্ম গড়ে তুলতে পারবে, যারা হবে স্বাস্থ্য সচেতন, দক্ষ এবং দেশের খাদ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
লেখক: খাদ্যবিজ্ঞানী, বার্মিংহাম, যুক্তরাজ্য।