রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পাওয়া দুটি ব্যাগে কোনো বিস্ফোরক দ্রব্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দুপুর ১২টার দিকে সন্দেহজনক ব্যাগ পাওয়ার পর দুটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়। বেলা একটা ৪০ মিনিটের দিকে স্টেশনদুটি খুলে দেওয়া হয়। মেট্রো চলাচল স্বাভাবিক আছে।
পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পড়ে থাকা সন্দেহজনক ব্যাগটির প্রথমে এক্স-রে করা হয়। ভেতরে কৌটার মতো একটি বস্তু দেখা যায়। পরে ব্যাগটি নিরাপদে খোলা হয়। পরীক্ষা করে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।
তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় পরিত্যক্ত বস্তাটিও পরীক্ষা করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু দেখা যায়নি। ডিএমপি জানিয়েছে, এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।