পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল। আমরা সব সময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ফরিদপুরের সালথা প্রেস ক্লাবের ভবন উদ্বোধন শেষে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন তিনি সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেন এবং সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনের সুযোগ করে দেন। শহীদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।

সকল অত্যাচার ও নিপীড়নের শিকার সাংবাদিকদের স্মরণ করে তিনি বলেন, বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচারী শাসনের সময়ে মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন, অনেকে দেশত্যাগে বাধ্য হয়েছেন। আবার কেউ কেউ আহত কিংবা নিহত হয়েছেন। আমি তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

বিগত ১৭ বছর সাংবাদিকরা গুলি ও দমন-পীড়ন উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন উল্লেখ করে তিনি বলেন, তারা যদি সত্য সংবাদ তুলে না ধরতেন, তাহলে দেশের মানুষ জানতে পারত না স্বৈরাচারী শাসনের সময়ে সাধারণ মানুষ কী ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

সাংবাদিকতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশা আখ্যায়িত করে শামা ওবায়েদ বলেন, আপনারা যেমন সত্য সংবাদ প্রকাশ করতে পারেন, তেমনি অনেক ক্ষেত্রে ভুল তথ্যও সংবাদ হিসেবে প্রকাশিত হচ্ছে। অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এসবের বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার রয়েছে।তাই আমাদের সবাইকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।

এর আগে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে সালথা প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন

আরও পড়ুন

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

সালথা প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফসহ স্থানীয় ব্যক্তিরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews