প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নগরের ভাটারপুকুর, কাপ্তানবাজার, বৌবাজার হয়ে চানপুর সারোয়ার স্কুল রোড পর্যন্ত এলাকায় ১০০ থেকে ১৫০ জন কিশোর–তরুণের একটি সংঘবদ্ধ দল মহড়া শুরু করে। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে তারা রামদা, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে সড়কে দাপট দেখায়। এ সময় তারা চিৎকার করে এলাকায় নিজেদের আধিপত্যের জানান দেয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরদের হাতে ধারালো অস্ত্র দেখে পথচারীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কাপ্তানবাজার এলাকার এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ দেখি একঝাঁক পোলাপান রামদা নিয়া চিৎকার করতে করতে আসছে। পরিস্থিতি দেইখ্যা ভয়ে আমরা দোকানের শাটার নামাইয়া দিছি। প্রকাশ্যে এভাবে অস্ত্র নিয়া ঘোরাফেরা করবে, এটা ভাবা যায় না। এই এলাকায় আগে এই রকম অবস্থা দেখি নাই।’
এদিকে এমন ঘটনায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় অভিভাবক সমাজও। চানপুর এলাকার এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শুনেছি এই গ্যাংয়ের অনেকেই স্কুল-কলেজের ছাত্র। এই বয়সে তারা বইয়ের বদলে অস্ত্র ধরছে। আমরা সন্তানদের বাইরে পাঠাতে ভয় পাচ্ছি। প্রশাসনের এখনই এদের শক্ত হাতে দমন করা উচিত, তা না হলে সামনে বড় কোনো হত্যাকাণ্ড ঘটতে পারে।’