একসময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। তবে সে চিত্র বদলাচ্ছে। আবার পরিবার নিয়ে দেশের ধারাবাহিক নাটক উপভোগ করছেন দর্শকেরা। এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তাঁরা। এর ফলে নাটকের প্রতিটি পর্ব ইউটিউবে পাচ্ছিল মিলিয়ন মিলিয়ন ভিউ। অবশেষে শেষ হচ্ছে আলোচিত এই ধারাবাহিকটি।
গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে রাজ জানালেন, শেষ হতে চলেছে ‘এটা আমাদেরই গল্প’! এদিন সংবাদ সম্মেলনে অভিনেত্রী মনিরা আক্তার মিঠু বলেন, ‘সব শ্রেণির মানুষের কাছে “এটা আমাদেরই গল্প” তুমুল জনপ্রিয়। একজন সিএনজিচালিত অটোরিকশাচালকও ঘাড় ঘুরিয়ে বলে, “ও, এটা আমাদেরই গল্পের মা আপনি!” আবার একদম এলিট ক্লাসের একজনও একই প্রশংসা করেন। এটা আমাদের সার্থকতা। এটা আমাদের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সার্থকতা। যদিও উনি প্রশংসা করলে বিব্রত হন।’