অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল মঞ্চে এসে সবাইকে স্বাগত জানান। শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, আজ এক উদ্যাপনের দিন। শিল্পীরা পারেন বাংলাদেশের সংস্কৃতিকে সুন্দরভাবে বিপুলভাবে বিশ্বের বুকে তুলে ধরতে। এরপর বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ। তিনি বলেন, প্রথম আলোর সঙ্গে স্কয়ার গ্রুপ দীর্ঘদিন থেকে সাংস্কৃতিক অঙ্গনে একসঙ্গে কাজ করে যাচ্ছে। সম্প্রতি দেশে অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হয়েছে।
আগামী দিনগুলোতে আরও ভালো কাজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এরপর আজীবন সম্মাননা প্রদান পর্বে উপস্থাপনার জন্য বিশিষ্ট অভিনয়শিল্পী আফজাল হোসেনকে মঞ্চে আসার আমন্ত্রণ জানান আনিসুল হক।
আফজাল হোসেন দর্শকদের স্বাগত জানিয়ে বলেন, মেরিল-প্রথম আলো পুরস্কারের সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি হলো ‘আজীবন সম্মাননা’। এ বছর কে পাচ্ছেন আজীবন সম্মাননা, তা দেখে নেব পর্দায়। মঞ্চের এলইডি পর্দায় ভেসে ওঠে জননন্দিত চলচ্চিত্র অভিনেতা আলমগীরের ছবি। দর্শকেরা করতালিতে অভিনন্দিত করেন তাঁকে। আলমগীরের জীবন ও অভিনীত চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য পর্দায় তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।