কক্সবাজার, ৩ ফেব্রুয়ারি – সেবার পরিধি সম্প্রসারণ ও ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে এনসিসি ব্যাংকের দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান অতিথি মো. নূরুন নেওয়াজ সেলিম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম এবং পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী। এছাড়া পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদারসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, স্বতন্ত্র পরিচালক এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এতে অংশ নেন।

চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে বিগত বছরে ব্যাংকিং খাতে নানামুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এনসিসি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। ব্যবসার পরিধি ক্রমেই সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে তিনি গ্রাহকসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান। তিনি বলেন নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিত করে ব্যাংকের প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে। স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন জানান দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির ধীরগতির মধ্যেও গত বছরে এনসিসি ব্যাংক ব্যবসা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তিনি উল্লেখ করেন যে ঋণ, বিনিয়োগ, আমানত সংগ্রহ, রপ্তানি ও আমদানি বাণিজ্য এবং খেলাপি ঋণ আদায়সহ ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

একইসঙ্গে তহবিল সংগ্রহের ব্যয় কমেছে এবং সম্পদের গুণগত মান বেড়েছে যা ব্যাংকের আর্থিক অবস্থাকে মজবুত করেছে। আগামী দিনে টেকসই প্রবৃদ্ধি অর্জনে তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং গ্রাহককেন্দ্রিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে উপস্থিত পরিচালকরা আধুনিক তথ্যপ্রযুক্তির অধিকতর ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহকসেবা নিশ্চিত করে প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকের অবস্থান সুদৃঢ় করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এ এম/ ৩ ফেব্রুয়ারি ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews