ইরানের আকাশসীমায় ওয়াশিংটন কেন একক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারছে না, তার কারণ ব্যাখ্যা করেছেন সামরিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার ‘মিডল ইস্ট ইনস্টিটিউট’ আয়োজিত এক ভার্চ্যুয়াল প্যানেল আলোচনায় তাঁরা বলেন, নিম্ন উচ্চতার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ঘাটতি ছিল। আর ইরান ঠিক এই সুযোগটিই কাজে লাগিয়ে সফলভাবে তাদের প্রতিরক্ষা সাজিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ‘রিইম্যাজিনিং ইউএস গ্র্যান্ড স্ট্র্যাটেজি’ প্রোগ্রামের সিনিয়র ফেলো কেলি গ্রিকো আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘এই যুদ্ধের একটি অদ্ভুত বিষয় হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই জায়গাগুলোতেই ভালো করছে, যেখানে তাদের ভালো করার কথা ছিল। অর্থাৎ উচ্চ আকাশসীমায় (হায়ার অল্টিটিউড) ইরানের সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রথাগত লড়াইয়ে তারা সফল হচ্ছে।’