বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক লেনদেন ও অর্থ স্থানান্তর ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আন্তসীমান্ত বা ক্রসবর্ডার ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়াকরণে ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’ প্রবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে পেপল ও পেওনিয়ারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সেবাটি দেশে চালু করতে পারবে দেশের ব্যাংকগুলো।
আন্তর্জাতিক সেবামুখী বাণিজ্য সহজীকরণ, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দেশের লেনদেনে কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই ব্যবস্থার অধীন ব্যাংকগুলো বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদাতা এবং অন্যান্য বৈধ লেনদেন সমাধান প্রদানকারীদের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সুবিধা দিতে পারবে। নির্দেশনায় এদের ক্রসবর্ডার ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করা হয়েছে।