সান্তা ক্লারার স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই বেজে উঠল জন ডেনভারের বিখ্যাত গান ‘টেইক মি হোম, কান্ট্রি রোডস’। এই বিশ্বকাপে গানটি যেন যুক্তরাষ্ট্রের নতুন বিজয়গাথার প্রতীক হয়ে উঠেছে।
ইংল্যান্ডের ম্যাচে যেমন ‘ওয়ান্ডারওয়াল’ নতুন করে দর্শকদের কণ্ঠে প্রাণ ফিরে পেয়েছে। তেমনি যুক্তরাষ্ট্রের প্রতিটি জয়ের পর ‘কান্ট্রি রোডস’ এখন স্টেডিয়ামজুড়ে উদযাপনের সুর।
বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শুধু শেষ ষোলোই নিশ্চিত করেনি স্বাগতিকরা, দলটি দেখিয়েছে কঠিন পরিস্থিতি সামলে জয়ের মানসিকতাও। ১০ জন নিয়ে দীর্ঘ সময় খেলেও তারা প্রতিপক্ষকে গোল করতে দেয়নি। বরং শেষ দিকে মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি-কিকে জয় নিশ্চিত করেছে। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল মার্কিনরা।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারির উচ্ছ্বাসও এখন যুক্তরাষ্ট্রের বড় শক্তি। এই আত্মবিশ্বাস ও সমর্থকদের বিপুল উদ্দীপনা নিয়েই শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিকরা।
আগামী সোমবার সিয়াটলে রাউন্ড অব ১৬-এর ম্যাচ। সেই ম্যাচেও দর্শকদের এই সুর নিশ্চিতভাবেই শুনতে চাইবে যুক্তরাষ্ট্র।