কেন ট্রাম্প অর্গানাইজেশনের ব্যাংক হিসাব বন্ধ রাখা হয়েছে, তা নিয়ে করা এক মামলার জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান ফাইন্যান্সিয়াল। গত শুক্রবার প্রতিষ্ঠানটি বলেছে, অর্থ পাচারবিরোধী বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনার পর কয়েক বছর আগে হিসাবগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই তথ্য প্রকাশের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ব্যাংক আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে অর্থ পাচারের ঝুঁকি বা উদ্বেগের কথা উল্লেখ করল।
ক্যাপিটাল ওয়ান আদালতের কাছে মামলাটি খারিজের আবেদন করছে। ট্রাম্প অর্গানাইজেশনকে অবৈধভাবে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত করা হয়েছে অথবা ধর্মীয় বা রাজনৈতিক কারণে সেবা প্রত্যাখ্যান করা হয়েছে—এমন অভিযোগের ভিত্তি নিয়েও প্রতিষ্ঠানটি প্রশ্ন তুলেছে।
মামলার বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স থেকে ট্রাম্প অর্গানাইজেশন এবং ক্যাপিটাল ওয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে সে অনুরোধে সাড়া মেলেনি।