ভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে ১২টি ভাষার গান নিয়ে থাকবে সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট। দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. অনিমা রায় ও তার শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে ‘গান দিয়ে সকাল শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব ‘ভাষা আমার অহংকার’। অনুষ্ঠানে অনিমা রায় ও তার ২০ জন শিক্ষার্থীর পরিবেশনায় যে গানগুলো পরিবেশিত হবে সেগুলো হলোÑ ‘মোদের গরব মোদের আশা’, ‘জন্ম নিয়ে বাংলা ভাষায় মা’কে’, ‘আমি বাংলায় গান গাই’, ‘অপমানে তুমি জ্বলে’, ‘রক্ত শিমুল তপ্ত পলাশ’, ‘পলাশের পাপড়িতে একুশের’, ‘আমায় গেঁথে দাও না মাগো’, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’, ‘ফেব্রুয়ারির ২১ তারিখ’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘৮ই ফাল্গুনের কথা’ এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’। গানগুলোতে সমবেত ও দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছে সুরবিহারের শিক্ষার্থীরা। অনিমা রায়ের তত্ত্বাবধানে গানগুলোর পরিবেশনায় ছিলেনÑ অনিন্দিতা, তিথী, লতা, রায়ান, অমিয় প্রমুখ। আমীরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ সকাল ৭টা ৪০ মিনিটে।