বিশ্বজুড়ে প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি ও মেমোরি চিপের সংকটের মধ্যেও প্রবৃদ্ধি দেখেছে বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বাজার। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পিসি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই প্রবৃদ্ধি মূলত তিনটি প্রধান অঞ্চল—আমেরিকা, এশিয়া প্যাসিফিক এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ)—এর সম্মিলিত ফলাফল। এর মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৪.৩% এবং ইএমইএ অঞ্চলে ৭.৪% প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে আমেরিকায়, যেখানে পিসি শিপমেন্ট ৩.৩% কমে গেছে।

আইডিসি জানিয়েছে, বিশ্বজুড়ে এ সময়ে মোট ৬ কোটি ৫৬ লাখ ইউনিট পিসি সরবরাহ করা হয়েছে। মূলত তিনটি প্রধান কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে উল্লেখ করেছে গবেষণা সংস্থাটি। এর মধ্যে আছে যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির আশঙ্কা থেকে আগেভাগেই পণ্য ক্রয়ের প্রবণতা; উইন্ডোজ ১০ থেকে নতুন সংস্করণে গ্রাহকদের স্থানান্তর ও বাজারে নতুন এবং উন্নত ফিচারের ল্যাপটপ ও ডেস্কটপ পিসির আগমন।

আইডিসির রিসার্চ ভাইস প্রেসিডেন্ট জঁ ফিলিপ বোচার্ড বলেন, ২০২৬ সাল হবে বাজারের দখল বা শেয়ার পরিবর্তনের বছর। পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ ব্যবস্থা ও মেমোরি চিপের মতো জরুরি যন্ত্রাংশ সংগ্রহের সক্ষমতা সামনের দিনে বড় পরীক্ষার মুখে পড়বে।

সফলভাবে যারা যন্ত্রাংশ নিশ্চিত করতে এবং সব ধরনের ক্রেতার নাগালে পণ্য রাখতে পারবে, তারাই বাজারে টিকে থাকবে বলে মনে করে আইডিসি। প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হলেও বছরের বাকি সময়ে পিসি সরবরাহে পতনের আশঙ্কা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews