টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ৯৩ রানের ব্যবধানে বড় পরাজয়ের পর নেদারল্যান্ডস দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন প্রধান কোচ রায়ান কুক। তিনি জানান, ফ্লাডলাইটের নিচে খেলার পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকাটা দলের জন্য চ্যালেঞ্জ ছিল, তবে এটিকে পরাজয়ের অজুহাত হিসেবে দেখছেন না তিনি।

শুক্রবার চেন্নাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে দীর্ঘদিন ধরে দিন-রাত বা রাতের টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি নেদারল্যান্ডস। গত সেপ্টেম্বরের পর এটি ছিল তাদের প্রথমবারের মতো আলোতে খেলা। তাছাড়া বিশ্বকাপের আগে অনুশীলনও বাধাগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। বাংলাদেশ সফরে একটি অনুশীলন ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, আর ম্যাচের আগের দিনও আলোতে অনুশীলনের অনুমতি পায়নি দলটি।

কুক বলেন, ‘আমাদের এখনো আলোতে কোনো অনুশীলন হয়নি। অনেকের জন্য এটি নতুন অভিজ্ঞতা। তবে এটা কোনো অজুহাত নয়। আমাদের মাঠে নেমে কাজটা করতে হবে। এটি আমাদের জন্য কেবল একটি খারাপ দিন ছিল।’

এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের মতো নামিবিয়াও ফ্লাডলাইটে খেলার সীমিত অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেছে। অবকাঠামোগত সীমাবদ্ধতাকে ছোট দলগুলোর বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ম্যাচে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের সাতটি উইকেটই পড়ে স্পিনে। তারা ভেবেছিল রাতে শিশির পড়বে এবং ব্যাটিং সহজ হবে; কিন্তু মাঠে শিশির না থাকায় যুক্তরাষ্ট্রের স্পিনাররা ভালো গ্রিপ ও টার্ন পান।

এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে কুক বলেন, ‘আজ কোনো শিশির ছিল না। তাদের স্পিনাররা বল দারুণভাবে গ্রিপ করেছে। আমরা সিদ্ধান্তটি অবশ্যই পর্যালোচনা করব। তবে সত্যি বলতে, আমরা ব্যাটিং ও বোলিং- কোনোটাই ঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি।’

বোলিং পারফরম্যান্স নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাওয়ারপ্লেতেই যুক্তরাষ্ট্র ৫৩ রান তুলে নেয় এবং শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯৬ রান করে। কুকের মতে, ‘উইকেট ভালো হলেও ১৯৫ রান একটু বেশি হয়ে গেছে। আমরা বল হাতে পরিকল্পনা অনুযায়ী করতে পারিনি, ফলে স্কোরবোর্ডের চাপ তৈরি হয়েছে।’

এর মধ্যে দলের অভিজ্ঞ পেসার পল ফন মিকেরেন চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট নেওয়ার পরই তিনি চোটে পড়েন। কুক আশা করছেন, ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তাকে দলে পাওয়া যেতে পারে।

আগামী বুধবার আহমেদাবাদে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে নেদারল্যান্ডস।

আইএইচএস/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews