শিশুদের জন্য নতুন এক গেইমিং অ্যাপ চালু করেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। আট বছর বা তার কম বয়সীদের জন্য তৈরি এ অ্যাপটি বিজ্ঞাপনহীন ও ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য ‘প্লেগ্রাউন্ড’ নামের এক ফ্রি অ্যাপ চালু করেছে প্লাটফর্মটি। নেটফ্লিক্সের যে কোনো সাবস্ক্রিপশন থাকলেই গেইমটি খেলা যাবে।
নেটফ্লিক্স বলেছে, এ গেইমে কোনো বিজ্ঞাপন নেই এবং আলাদা করে কিছু কেনাকাটারও প্রয়োজন পড়বে না। ইন্টারনেট বা ওয়াইফাই ছাড়াও কাজ করবে এই গেইম। প্লাটফর্মটি বলেছে, ‘দীর্ঘ প্লেন ভ্রমণ বা কেনাকাটা করতে যাওয়ার সময় শিশুদের ব্যস্ত রাখার জন্য এক চমৎকার মাধ্যম হতে পারে গেইমটি’।
কোম্পানিটি শিশুদের জন্য ‘ক্রমান্বয়ে বাড়তে থাকা গেইমের লাইব্রেরি’ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। প্ল্যাটফর্মটি বেশ কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে তৈরি গেইম দিয়ে যাত্রা শুরু করেছে। যার মধ্যে রয়েছে ‘প্লেটাইম উইথ পেপ্পা পিগ’, যা পেপ্পা ও তার বন্ধুদের নিয়ে সাজানো অনেকগুলো ছোট ছোট গেইমের এক সংগ্রহ।
‘সিসেমি স্ট্রিট’-এর ওপর ভিত্তি করে একটি গেইম রয়েছে, যেখানে শিশুরা তাদের প্রিয় ‘এলমো’, ‘বিগ বার্ড’, ‘কুকি মনস্টার’, ‘অস্কার’ ও অন্যান্য জনপ্রিয় পাপেট বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবে। এছাড়াও ছোট ছোট গেইমের একটি সংগ্রহ রয়েছে, যার মধ্যে ‘মেমোরি কার্ড গেইম’, ‘ডট মেলানোর গেইম’সহ আরও কিছু রয়েছে।
এ তালিকায় ‘ড. স্যুস’-এর গল্পের ওপর ভিত্তি করে কিছু গেইম ও ‘ব্যাড ডাইনোসর্স শো’-এর আদলে এক রেসিং গেইমও রয়েছে। প্ল্যাটফর্মটিতে স্টিকার ‘বুক কালেকশন’ ও ‘জিগস পাজল’ বা এক ধরনের ছবির ধাঁধার মতো বিষয়ও রয়েছে। কেবল এই গেইমগুলো নয়, নেটফ্লিক্সের এখানকার প্রতিটি গেইমই ছোট শিশুদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে।
‘নেটফ্লিক্স প্লেগ্রাউন্ড’ অ্যাপটি বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। ২৮ এপ্রিল তা বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। নেটফ্লিক্সের মূল অ্যাপটিতে এখনও সাধারণ বিভিন্ন ভিডিও গেইম খেলার সুযোগ রয়েছে। তবে তাদের গেইমিং বিভাগটি ইদানীং কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে।
কোম্পানিটি ২০২৪ সালে তাদের বড় বাজেটের গেইমিং স্টুডিওটি বন্ধ করে দিয়েছে এবং এরপর থেকে প্ল্যাটফর্মটি থেকে অনেকগুলো গেইম সরিয়ে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ