নৌ পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান খাল দখলদারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খালের দিকে তাকালেই দখলকারীদের চিহ্নিত করা সম্ভব, তাই তাদের বয়কট করতে হবে। শক্তি প্রয়োগ নয়, সামাজিকভাবে ঘৃণা প্রকাশই যথেষ্ট।
রবিবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া এলাকার তুলাতলা খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সব খাল উদ্ধার করে পুনরায় মানুষের ব্যবহারের উপযোগী করা হবে। এ কসময় খালকেন্দ্রিক জীবন-জীবিকা ছিল মানুষের প্রধান ভরসা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। তিনি আরও জানান, এটি সরকারের পাশাপাশি তারেক রহমানের প্রতিশ্রুতির অংশ।
খনন কাজে অনিয়মের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, দেশে ‘খাল খনন না করে খাল শেভ’ করার যে অভিযোগ রয়েছে, তা যেন না ঘটে। প্রকৃত খনন নিশ্চিত করতে স্থানীয় জনগণকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, খাল খননের পর কাজের মান পরিমাপ করে যাচাই করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোমিন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ৪১ কিলোমিটার দৈর্ঘ্যের তুলাতলা খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি ও নৌযাতায়াতে ইতিবাচক প্রভাব পড়বে।
বিডি-প্রতিদিন/আশফাক