হরমুজ প্রণালী বন্ধের পর এবার বিশ্ব জ্বালানি বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ রুট বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি দিল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত সরকার।
তারা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে হুথিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি লিখেছেন, “সানা যদি বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন-কারও পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না।”
হোসেন আল–এজ্জি আরও বলেন, “তাই ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে, তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবেন।”
লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই বাব আল-মান্দেব প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ পথ দিয়েই সুয়েজ খালের দিকে জাহাজ চলাচল করে। প্রণালীটির সংকীর্ণতম অংশ মাত্র ২৯ কিলোমিটার চওড়া। এই সরু পথের কারণে পণ্যবাহী জাহাজগুলোর যাতায়াতের জন্য মাত্র দুটি চ্যানেল ব্যবহার করতে হয়। সূত্র: আল-জাজিরা, ডন নিউজ
বিডি প্রতিদিন/একেএ