দুই.
বিশাল ব্রহ্মপুত্রে এখনো জাল ফেললে সুস্বাদু সব মাছ পাওয়া যায়, চাইলে চরাঞ্চলের মাঠঘাটে বিনে পয়সায় প্রাকৃতিক খাবার মেলে। চিলমারী ঐতিহাসিক কাল থেকে স্বাস্থ্যকর স্থান। এখনো উঁচালম্বা শালপ্রাংশু চেহারার মানুষ মেলে। তবু কেন বড় শহরে সবাই নিবাস গড়ছে?
কয়েকটি ধাপে ঘটনাটি ঘটছে। প্রথমে আশপাশের যে শহরগুলোয় উন্নত স্কুল আছে, সেখানে অভিভাবকেরা সন্তানদের নিয়ে যাচ্ছেন। তারপর যে শহরগুলোয় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ আছে, এমন শহরে। অর্থাৎ গ্রাম ছাড়ার মূল কারণ উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব।
দেখা গেছে, গ্রামে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে চাকরিজীবীরা সন্তানদের এলাকায় রেখে পড়ালেখা করান। তার নগদ উদাহরণ হচ্ছে, পাশের গাইবান্ধা জেলা। সেখানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ভালো স্কুল থাকায় গ্রাম ছাড়ার এই হার অনেক কম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন শিক্ষার্থীর জন্য মাতা–পিতাকে বাড়ি ছাড়তে হয় না, কিন্তু প্রাথমিক ও মাধ্যমিকের জন্য তা হয়।
অথচ নব্বইয়ের দশকে চিলমারীতে চারটি লোকাল ট্রেন চলত। লোকাল ট্রেনগুলো যখন ছিল এবং গ্রাম ও শহরের স্কুলের মধ্যে তেমন ভেদ ছিল না, তখন পিতারা পরিবারকে গ্রামে রেখে চাকরি করতে যেতেন।