বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি যে উন্নয়ন প্রক্রিয়া দীর্ঘ প্রায় ১৭ বছর আগে শুরু করেছিল, যা আওয়ামী লীগের আমলে স্থগিত হয়ে গিয়েছিল তা আবার নতুন করে শুরু করা হবে। দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য যা যা করার এই সরকার তা করে যাবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় জন্য রাজনীতি করে না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছেন যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার শান্তানপাড়া আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে জনগণ তার সুফল ভোটের এক মাসের মধ্যেই পেতে শুরু করেছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিভিন্ন নেতারা।