ইউরোপিয়ান ফুটবলে এবার যেন ইংল্যান্ডের জয়জয়কার। এই প্রথমবার এক মৌসুমে ইউরোপের তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালেই ইংলিশ ক্লাব জায়গা পেয়েছে। গত মঙ্গলবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছায় আর্সেনাল। ৩০ মে তাদের প্রতিপক্ষ পিএসজি। বৃহস্পতিবার ইউরোপিয়ান শিরোপার লড়াইয়ে খেলা নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দারুণ প্রত্যাবর্তন করেছে ভিলা।

নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। কোচ হিসেবে রেকর্ড পঞ্চম ইউরোপা লিগ জয়ের সামনে তাদের কোচ উনাই এমেরি। এই মৌসুমে ৩০ বছরের মেজর ট্রফি খরা কাটানোর বেশ কাছে ভিলা। এই মাসের ২০ তারিখে তারা ফ্রেইবুর্গের বিপক্ষে খেলবে। প্যালেস পেয়েছে ইউরোপা কনফারেন্স লিগ ফাইনালের টিকিট। সেমিফাইনালে শাখতার দোনেৎস্কের বিপক্ষে সহজ জয় পেয়েছে তারা। ঈগলরা এই প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে নেমেই পৌঁছে গেল ফাইনালে। ২৭ মে তারা খেলবে রায়ো ভায়েকানোর সঙ্গে। এই প্রথম একই মৌসুমে প্রিমিয়ার লিগের দল তিনটি ফাইনালের সবগুলোতে খেলতে যাচ্ছে। পাঁচ বছর আগে ইউরোপিয়ান ফুটবলে তৃতীয় উয়েফা ক্লাব প্রতিযোগিতা হিসেবে যুক্ত হয় কনফারেন্স লিগ। কনফারেন্স লিগের আবির্ভাবের পর তিনটি ফাইনালেই একই দেশের ক্লাবের খেলার ঘটনা ঘটেছিল ২০২৩ সালে। ইতালির ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে, রোমা ইউরোপা লিগে ও ফিওরেন্তিনা কনফারেন্স লিগের ফাইনালে খেলেছিল। ভাগ্য সহায় ছিল না তাদের। তিন ফাইনালের সবগুলোতে হেরে যায় সিরি আ দলগুলো। ইংলিশ ক্লাবগুলোর ভাগ্য এবার সহায় হবে, আশা ইংল্যান্ডের ফুটবল ভক্তদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews