নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়ের পুরস্কার হাতে হাতেই পেয়েছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে দলের। এবার উন্নতির ছোঁয়া পড়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়েও। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। শুধু পেসাররাই নন, ব্যাটারদের তালিকায় এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসও। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজও এগিয়েছেন। গতকাল সর্বশেষ প্রাকাশিত আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এ সব তথ্য জানা গেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজজয়ের পথে মোট ১৮ উইকেট নিয়েছিলেন রানা, শরীফুল ও মুস্তাফিজ। এর মধ্যে ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়া রানা ১৬ ধাপ এগিয়েছেন, তার বর্তমান অবস্থান ৪৮। তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া শরীফুল এগিয়েছেন ১১ ধাপ, এই মুহূর্তে আছেন ২৮তম স্থানে। আর সিরিজে মাত্র এক ম্যাচ খেলে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪১তম স্থানে। সিরিজে দুই দলের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেনও র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ১১ ধাপ এগিয়ে বাঁহাতি এ ব্যাটসম্যান এখন ৩২তম স্থানে। এ ছাড়া একটি ফিফটিসহ ৩ ম্যাচে ১২৯ রান করা লিটন এগিয়েছেন ১৫ ধাপ, বর্তমান অবস্থান ৬৫তম।
ব্যাটিং-বোলিং দুটির সমন্বয়ে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন অধিনায়ক মিরাজ। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ৩৬ রান ও ২ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার ও মোহাম্মদ নবীর রেটিং ২৭৫ করে। ৩২৯ রেটিং নিয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ২৭৬ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা।
এই র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টির পারফরম্যান্সও। তাতেও সুখবর পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ জেতানো ইনিংস খেলে ৯ ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয় (৩৯তম)। পারভেজ হোসেন ইমনও এগিয়ে উঠেছেন ৪০ নম্বরে। বোলারদের মধ্যে শেখ মাহেদী হাসান ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews