সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধ-শতাধিক আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) সকালে ওই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের সামনে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমেরতল গ্রামের অ্যাডভোকেট মনির উদ্দিন ও মোড়ল গোষ্ঠীর কপিল উদ্দিনের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। গত ঈদের আগে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে ঘটনায় উভয়পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছিল।
ওই বিরোধকে কেন্দ্র করে সকালে গ্রামের সামনে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধ-শতাধিক লোক আহত হন।
পরে আশপাশের গ্রামের লোকজন দু’পক্ষের লোকজনকে সংঘর্ষ থেকে বিরত করে ও পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষে গুরুতর আহত ২৯ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, ‘পূর্ব বিরোধের জেরে আমেরতল গ্রামের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’