কানাডার টরন্টো শহরের বাসিন্দারা শীতের আগমনে প্রকৃতির এক বিরল সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন। শহরের টমি থম্পসন পার্কে দেখা মিলেছে আর্কটিক অঞ্চলে বসবাসকারী বিরল প্রজাতির ‘কিং এইডার’ হাঁসের। এই খবর ছড়িয়ে পড়তেই পাখিপ্রেমী ও আলোকচিত্রীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
টমি থম্পসন পার্কে প্রায় আট বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন আমান্ডা জ্যাকব। তিনি প্রায় চার দশক ধরে পাখি পর্যবেক্ষণ করছেন এবং কিং এইডার হাঁসের ছবি তোলার সৌভাগ্যও অর্জন করেছেন। আমান্ডা জানান, এটি আমার দেখা সবচেয়ে সুন্দর হাঁসগুলোর একটি। যখন আমি পাখি না দেখা মানুষদের সঙ্গে এর ছবি শেয়ার করি, তারা বিস্মিত হয়ে বলে—বাহ! কীভাবে আমরা এই পাখিটিকে দেখতে পারি?’ অনেকেই তখন পার্কে এসে নিজের চোখে দেখার চেষ্টা করেন।
- Advertisement -
তিনি পার্কের পেনিনসুলা এ এবং বি এলাকার কাছে এই বিরল হাঁসটিকে দেখতে পেয়েছেন। স্থানটি লেসলি স্ট্রিটের নিচে পার্কের উত্তর দিকের ফটক থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত। তার ধারণা, টরন্টোতে এটি কিং এইডার হাঁসের টানা দ্বিতীয় মৌসুম।
এদিকে টরন্টো পাখি বিজ্ঞানী স্যাম আর্থার বলেন, কিং এইডার হাঁস অত্যন্ত সুন্দর এবং সাধারণত আর্কটিকের গভীর অঞ্চলে বসবাস করে। তাই এখানে তাদের দেখা পাওয়া খুবই অস্বাভাবিক ঘটনা।
তিনি আরও জানান, এই হাঁস মূলত সামুদ্রিক পাখি এবং আনুষ্ঠানিকভাবে বিরল হিসেবে বিবেচিত। তবে প্রতি শীতে হাজার হাজার হাঁসের ভিড়ে মাঝে মধ্যে এক–দুটি কিং এইডার গ্রেট লেকস এলাকায় চলে আসে। সেই কারণেই টরন্টোর লেকফ্রন্টে তাদের উপস্থিতি মাঝে মাঝে দেখা যায়।
বিরল এই পাখির দেখা পাওয়ায় টমি থম্পসন পার্কে এখন পাখি দর্শকদের আনাগোনা বেড়েছে। প্রকৃতিপ্রেমীরা আশা করছেন, শীত মৌসুমে আরও কিছুদিন এই অনন্য সৌন্দর্যের সাক্ষী হওয়া যাবে। দর্শকদের যেমন আনাগোনা বেড়েছে তেমনি ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় কমিউনিটিতে
Sohely Ahmed Sweety : Local Journalism Initiative Reporter
- Advertisement -