কানাডার গভর্নর জেনারেলের ভ্রমণ ব্যয় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত সরকারি নথিতে দেখা গেছে, গত অর্থবছরে গভর্নর জেনারেলকে পরিবহনের জন্য কানাডার ডিপার্টমেন্ট অব ন্যাশনাল ডিফেন্স (ডিএনডি) আগের বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি অর্থ ব্যয় করেছে।

ডিএনডি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সশস্ত্র বাহিনীর উড়োজাহাজ ব্যবহার করে গভর্নর জেনারেলের ভ্রমণ ব্যয় দাঁড়িয়েছে মোট ২৯ লাখ ৮৮ হাজার ২১৯ ডলার। এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে একই খাতে ব্যয় হয়েছিল ২৪ লাখ ৬৮ হাজার ৭৬০ ডলার।

- Advertisement -

এই পরিসংখ্যান সামনে এনেছেন কানাডিয়ান ট্যাক্সপেয়ার্স ফেডারেশনের ফেডারেল ডিরেক্টর ফ্রাঙ্কো টেরাজানো। তিনি দাবি করেছেন, করদাতাদের অর্থে এমন ব্যয় অনেকের কাছেই বিলাসী ও অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, আগের একাধিক বিতর্ক ও তদন্তে গভর্নর জেনারেলের ভ্রমণ ব্যয় কমানোর সুপারিশ করা হয়েছিল। কিন্তু সেই সুপারিশ কার্যকর হয়েছে বলে মনে হচ্ছে না।

বিশেষ করে গভর্নর জেনারেল মেরি সিমনের কিছু সফর নিয়ে সমালোচনা বেশি হয়েছে। ২০২২ সালে মধ্যপ্রাচ্যে তার একটি সরকারি সফর সবচেয়ে আলোচিত ছিল। ওই সফরে করদাতাদের প্রায় ১৩ লাখ ডলার খরচ হয়। এছাড়া অতিথিদের খাবারের জন্য প্রায় এক লাখ ডলার ব্যয় করা হয়।

নথি অনুযায়ী, ওই সফরের খাবারের তালিকায় ছিল বিফ ওয়েলিংটন, পর্ক টেন্ডারলইন এবং কারপাসিওর মতো দামি খাবার। পানীয় বাবদও উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয় পানির জন্য প্রায় এক হাজার ডলার, কমলার রসের জন্য ২২১ ডলার, আপেলের রসের জন্য ১১০ ডলার এবং লেবু ও লাইমের জন্য ৫২৬ ডলার খরচ করা হয়।

এছাড়া ২০২২ সালে চার দিনের আইসল্যান্ড সফর নিয়েও প্রশ্ন উঠেছে। ওই সফরে প্রায় ৩ লাখ ডলার ব্যয় হয়। শুধু লিমোজিন ভাড়া বাবদই রিডো হল খরচ করে প্রায় ৭১ হাজার ডলার। সমালোচকদের দাবি, সফরের অনেক অনুষ্ঠানস্থলই রেকজাভিকের হোটেল থেকে হাঁটার দূরত্বে ছিল, তবুও এত বেশি পরিবহন ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

করদাতাদের সংগঠন ও কিছু সংসদ সদস্য মনে করছেন, সরকারি অর্থের ব্যবহার আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে আগামী দিনগুলোতে কানাডার রাজনৈতিক মহলে আরও আলোচনা ও সমালোচনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews