যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সবার স্বার্থে ইরানের অবরোধে বন্ধ থাকা হরমুজ প্রণালী পুনরায় চালু করতে জি৭ দেশগুলোর এগিয়ে আসা উচিত ।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সে রওনা হওয়ার আগে রুবিও এসব কথা বলেন। শুক্রবার প্যারিসের বাইরে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি।
রুবিও বলেন, ‘এই সহায়তা করা তাদের নিজেদের স্বার্থেই।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা শুরুর পর এটি রুবিওর প্রথম বিদেশ সফর।
রুবিও জানান, ইরানের সাথে আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে। তবে কবে বা কিভাবে তা শেষ হতে পারে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
তিনি বলেন, ‘মধ্যস্থতাকারী কিছু দেশ বার্তা আদান-প্রদান করছে। অগ্রগতি হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।’
জি৭-এর অন্য সদস্য- ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান বৃহস্পতিবার ইরান পরিস্থিতির কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে।
স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।
বর্তমানে জি৭-এর সভাপতিত্বে রয়েছে ফ্রান্স।
সূত্র: বাসস