ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ীর সন্ধানে গিয়ে সোনারগাঁও পৌর এলাকার লাহাপাড়া গ্রামে মিললো ৭টি গ্রেনেড, পুলিশের ব্যবহৃত লাঠি ও হেলমেট। গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গ্যাস গ্রেনেড ৬টি সাউন্ড গ্রেনেডসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য অনুসন্ধানে গিয়ে সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া গ্রামে মাহবুব সরকারের পাঁচ তলা বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান পরিচালনার সময় ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া ৬টি সাউন্ড গ্রেনেড, ১টি গ্যাস গ্রেনেড, পুলিশের ব্যবহৃত হেলমেট ও লাঠি উদ্ধার করা হয়।
নরসিংদী জেলা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদের ও সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযান চালানো হয়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
এ ঘটনায় পৌর এলাকার হামছাদি গ্রামের নূর মোহাম্মদের ছেলে আজিজুলকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি মাহবুব সরকারের বাসায় মাসিক ছয় হাজার টাকার বিনিময়ে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক মাহবুব সরকার জানান, পৌর এলাকার হামছাদি গ্রামের আজিজুল আমার বাসার ভাড়াটিয়া। সে এলাকায় চা ও গুড়া দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রির ডিস্টিবিউটর হিসেবে কাজ করতো। আমার থেকে ভাড়া নেয়া রুমে সে এগুলো ব্যবসা করতো। তবে গ্রেনেড ও পুলিশের ব্যবহৃত সরঞ্জাম পাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগষ্টে লুট হওয়া পুলিশের ব্যবহৃত গ্রেনেড, লাঠি ও হেলমেট আজিজুল এর ভাড়া বাসা থেকে পাওয়া গেছে। অভিযুক্ত আজিজুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।