বিশ্ববিদ্যালয়–জীবনে একই সঙ্গে দুঃখজনক এবং হাস্যকর এমন বহু ঘটনা প্রত্যক্ষ করার অভিজ্ঞতা আমার আছে। এমন একটি উল্লেখযোগ্য ঘটনা হলো ২০১৯ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে আয়োজিত কনসার্ট। যেহেতু নারীদের হল রাত ১০টায় বন্ধ হয়, সেহেতু সেই কনসার্ট চলার মাঝামাঝি সময়েই আবাসিক নারী শিক্ষার্থীদের হলের উদ্দেশে রওনা দিতে হয়েছিল। নারী দিবস উপলক্ষে আয়োজিত কনসার্ট সম্পূর্ণটা উপভোগ করে পুরুষ শিক্ষার্থী ও ঢাকায় নিজেদের বাসা থাকা ‘প্রিভিলেজড নারী’ শিক্ষার্থীরা।
নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশিত আরেকটি কৌতুক হলো এক দিনের জন্য লাল বাসের দোতলায় মেয়েদের বসতে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের লাল বাসে নারী ও পুরুষ শিক্ষার্থীদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাতে এই বিশেষ দিবসের বিশেষ ব্যবস্থাকে কৌতুক না বলে বরং অপমানজনক বলাটাই যথার্থ।
মেয়েদের হলের গেট কেন রাত ১০টায় বন্ধ হয়ে যায়—এ নিয়ে তখন আওয়াজ তুলতে গেলে একদল লোক আমাদের বলল, ‘এই তো কয় দিন আগেও সাড়ে ৯টায় বন্ধ হতো। তোমাদের কথা ভেবেই তো আমরা ১০টায় করলাম।’
আমরা কৃতার্থ হই।