কেউ শিক্ষার্থী, কেউ গৃহিণী, কেউ বা স্বামীহারা অসহায়। কিভাবে পরিবারে সচ্ছলতা আনবেন, সন্তানকে সুশিক্ষিত করবেন অথবা স্বল্প আয়ের স্বামীর পাশে দাঁড়াবেন—এমন ভাবনা সবার চোখে-মুখে।

দরিদ্র পরিবারের অসহায় এমন নারীদের সেই স্বপ্ন সফল করতে সারথি হয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। অসচ্ছল নারীদের তিন মাস বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দেওয়া উপহারের সেলাই মেশিনে সংসারের অভাব ঘুচিয়ে এখন তাঁরা স্বাবলম্বী হবেন, পরিবারের পাশে দাঁড়াবেন। বগুড়ার চারটি উপজেলার এমনই ৭৫টি পরিবারের অভাব-অনটনের সংসারে আশার আলো জ্বালিয়েছে বসুন্ধরা গ্রুপ।

সম্প্রতি বসুন্ধরা শুভসংঘের আয়োজনে জেলার শেরপুর, আদমদীঘি, গাবতলী ও সদর উপজেলার ৭৫ জন দরিদ্র পরিবারের নারীকে তিন মাসের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে দেশের মানবিক শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দেওয়া সেলাই মেশিন উপহার পেয়েছেন বগুড়ার চার উপজেলার ৭৫ জন অসচ্ছল নারী। বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা। সহায়-সম্বলহীন অসচ্ছল এই নারীরা নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে চান।

সেলাই মেশিন হাতে পেয়ে স্বপ্নজয়ের হাসি ফুটেছে তাঁদের মুখে। শুভসংঘের মাধ্যমে সারা দেশে বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সরকারি কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বগুড়ার গাবতলীতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপির নেতারা, সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল ওয়াজেদ, উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। আদমদীঘি ও শেরপুরেও জনপ্রতিনিধিসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

জেলার সর্বশেষ আয়োজন হয়েছে বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে।



সেদিনের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের অতিথিরা বলেন, বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। এমন মহতী উদ্যোগ খুবই প্রশংসনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নারীসমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান এগিয়ে আসবে, এটা আমাদের জন্য অনুপ্রেরণা। সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে যদি নারীদের স্বনির্ভর করতে কাজ করা হয় তাহলে নারীসমাজ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদরের ইউএনও আব্দুল ওয়াজেদ। প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। 

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে আরো বত্তৃদ্ধতা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ, বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বিএনপি নেতা রাজু হোসেন পাইকার, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু। নিউজটোয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সমকাল উত্তরাঞ্চল প্রতিবেদক লিমন বাশার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার টি এম মামুন, নিজস্ব প্রতিবেদক অধ্যক্ষ আতিকুর রহমান, ফটো সাংবাদিক ঠাণ্ডা আজাদ, বাংলাদেশ প্রতিদিন বগুড়া প্রেস ইউনিট ইনচার্জ কারিম উল্লাহ, আল আমিন, মামুনুর রশিদ, বাংলা নিউজ মাল্টিমিডিয়া রিপোর্টার জুয়েল, শুভসংঘের সংগঠক শাফিউল আলম শাফি, মশিউর রহমান জুয়েল, রবিউল করিম হূদয়, সজল শেখ, ক্যামেরাপারসন আব্দুর রাজ্জাক, আকাশ, এনামুল প্রমুখ।



উপকারভোগী নারীদের তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে তাঁদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শারমিন, সুমনা রিতা আক্তারসহ সুবিধাভোগীরা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁরা বলেন, প্রতিটি নারীর স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর। বসুন্ধরা গ্রুপের দেওয়া সেলাই মেশিন পেয়ে আমরা সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাব। নিজের খরচসহ পরিবারকে সহায়তা করতে পারব। স্বামীর স্বল্প আয়ের সংসারে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারব। 

আব্দুর রহমান টুলু বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের স্বপ্ন, দরিদ্র পরিবারের নারীরা নিজের পায়ে দাঁড়াবেন। আপনারা যাঁরা সেলাই মেশিন পেয়েছেন, মন দিয়ে কাজ করে নিজের সংসারে সচ্ছলতা ফেরাবেন, সেই প্রত্যাশা করছি।’ জাকারিয়া জামান বলেন, ‘গ্রামীণ দরিদ্র পরিবারের নারীদের টেকসই উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা সারা দেশে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। আমাদের এই কাজের নেতৃত্ব দিচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। গ্রামীণ দরিদ্র নারীরা যাতে স্বনির্ভর হন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সেই স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি।’ 

বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা-বাণিজ্য নয়, মিডিয়াকে যেমন এগিয়ে নিচ্ছে, তেমনি অসচ্ছল নারীদেরও এগিয়ে নিতে কাজ করছে। এমন উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, অনুকরণীয়। তাদের এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকুক।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অসচ্ছল নারীদের অর্থনৈতিক মুক্তির পথ দেখাতে এমন উদ্যোগ অনুকরণীয়, অনুসরণীয়। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নারীদের স্বনির্ভর করতে এমন কার্যক্রম ছড়িয়ে পড়ুক গোটা দেশে। 

সদ্যোবিলুপ্ত বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করছেন নারীদের স্বনির্ভর করতে। নারীদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন-অগ্রগতি হবে। বসুন্ধরা গ্রুপ যেভাবে কাজ করছে, রাষ্ট্রের যাঁরা বড় বড় ব্যবসায়ী রয়েছেন, তাঁদের প্রতি অনুরোধ জানাব, এমন কাজে এগিয়ে এসে অসহায় নারীদের কল্যাণে কাজ করুন। তাহলে আমরা এগিয়ে যাব সামনের দিকে।’ 

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। বগুড়ার গর্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীসমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান এগিয়ে আসবে এটা আমাদের জন্য অনুপ্রেরণা। সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো বড় বড় ব্যবসায়ী গ্রুপ এগিয়ে এলে সরকারের কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়ক হবে।’ 

সদরের ইউএনও আব্দুল ওয়াজেদ বলেন, বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সদর উপজেলায় অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। সরকারি প্রকল্প বা সরকারি বিতরণের পাশাপাশি এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করলে তাঁরা স্বনির্ভর হবেন, দেশ এগিয়ে যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews