বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ফুটবলার লুকা মদ্রিচকে রেখেই ২৬ সদস্যের দল দিয়েছে ক্রোয়েশিয়া। সোমবার ২৬ জনের ক্রোয়েশিয়া দল ঘোষণা করেন দলের কোচ জøাতকো দালিচ। এবার নিয়ে পঞ্চম বার বিশ্বকাপ খেলছে লুকা মদ্রিচ। এই গ্রেট মিডফিল্ডারের পাশাপাশি অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচের ওপরও আস্থা রেখেছেন ক্রোয়েশিয়ার কোচ দালিচ। সেই সঙ্গে সাতজনকে স্ট্যান্ড-বাই হিসেবে রেখেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে, ৪০ বছর বয়সী মদ্রিচ টানা পঞ্চম বিশ্বকাপে খেলবেন। ২০০৬ আসর দিয়ে বিশ্ব মঞ্চে অভিষেক হয় তার। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার ফাইনাল খেলার পথে বড় ভূমিকা রাখেন তিনি। ফাইনালে ফ্রান্সের ৪-২ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ক্রোয়াটদের। গত আসরে মদ্রিচের নেতৃত্বে তৃতীয় হয় ক্রোয়েশিয়া। এবার তার সামনে আরও একবার দেশকে বিশ্বকাপে দারুণ কিছু দেওয়ার চ্যালেঞ্জ। দেশের হয়ে এখন পর্যন্ত ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মদ্রিচ। ২০১৮ সালের ব্যালন ডি অ’র জয়ীর সামনে সুযোগ ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে দুইশ ম্যাচের মাইলফলক স্পর্শ করার। ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী পেরিসিচ। এখন পর্যন্ত ১৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন তিনি। ক্রোয়েশিয়ার জার্সিতে একশর বেশি ম্যাচ খেলা ফুটবলারদের মধ্যে বিশ্বকাপ দলে আরও আছেন ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচ ও মিডফিল্ডার মাতেও কোভাচিচ। মেজর লিগ সকারে ডালাসের হয়ে ছন্দে থাকা স্ট্রাইকার পেতার মুসাও ডাক পেয়েছেন। চলতি এমএলএসে ১২টি গোল করেছেন তিনি। লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত মুসা এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে একটি গোল করতে পেরেছেন। কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে ক্রোয়েশিয়ার সবশেষ দুটি প্রীতি ম্যাচেও খেলেছেন তিনি। চোটের থাবায় চলতি মৌসুমের বেশিরভাগ সময় মাঠে বাইরে থাকতে হয়েছে ইয়াশকো ভার্দিওলকে। গত বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারও আছেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলে। ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ভার্দিওল গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করেন। ২০২২ আসরে দলের সবগুলো ম্যাচই খেলেন তিনি। ২০২৪ ইউরোতেও জাতীয় দলের হয়ে মাঠে নামেন এই ফুটবলার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়েছে ক্রোয়েশিয়া। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। ২৪ জুন তাদের প্রতিপক্ষ পানামা। ২৭ জুন গ্রুপের শেষ ম্যাচ খেলবে ঘানার বিপক্ষে।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: ডোমিনিক লিভাকোভিচ, ডোমিনিক কোতার্স্কি ও ইভর পান্দুর
রক্ষণভাগ: ইয়োশকো ভার্দিওল, দুয়ে ক্যালেতা, জোসিপ সুতালো, জোসিপ স্তানিসিচ, মারিন পানগ্রাচিচ, মার্তিন এর্লিচ ও লুকা ভুসকোভিচ
মধ্যমাঠ: লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভøাসিচ, লুকা সুচিচ, মার্তিন বাতুরিনা, ক্রিস্তিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো ও টনি ফ্রুক
আক্রমনভাগ: ইভান পেরিসিচ, আন্দ্রেই ক্রামারিচ, আন্তে বুদিমির, মার্কো পাসালিচ, পেতার মুসা ও ইগর মাতানোভিচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews