যুদ্ধ পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে অতি দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ব্যবহার করা যাচ্ছে। দেশটির নাগরিকদের জন্য মাসিক ভিত্তিতে প্যাকেজ ঘোষণা করেছে স্টারলিংক।
এতে প্রতি মাসে প্যাকেজের মূল্য প্রায় ৩০০ দিরহাম থেকে শুরু। আর ‘রেসিডেন্সিয়াল লাইট’ প্যাকেজর মূল্য প্রতি মাসে ২৩০ দিরহাম। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি মাসে ২৪৮ দিরহামে আলাদা প্ল্যানও রয়েছে। স্টারলিঙ্কের আনুষ্ঠানিক সেবা দেওয়ার মানচিত্রে সংযুক্ত আরব আমিরাতের নাম অন্তর্ভুক্ত হওয়ার পর এই তথ্য উঠে এসেছে।
স্টারলিংক একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করে দ্রুতগতির ইন্টারনেট প্রদান করে। এটি এমন সব এলাকায় সংযোগ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে প্রচলিত ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক সীমিত বা অনির্ভরযোগ্য হতে পারে। প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের থেকে ভিন্ন, স্টারলিংক অনেক কম উচ্চতায় কাজ করে, যা দ্রুততর গতি এবং কম ল্যাটেন্সি নিশ্চিত করে। এই পরিষেবাটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ইন্টারনেট সেবা সরবরাহ করছে।
উল্লেখ্য, গত বছর মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান ও দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস ও দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে স্টারলিংক পরিষেবাটি চালু করা হয়েছিল।
সূত্র: গাল্ফ নিউজ।
বিডি প্রতিদিন/কামাল