মানিকগঞ্জের সাটুরিয়ায় কংক্রিটবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় মায়ের হাত থেকে ছুটে যাওয়া পাঁচ বছরের শিশু অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

সাটুরিয়া (মানিকগঞ্জ) : শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী এলাকার বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় আলম (১৬) ও কালু মিয়া (১৬)। তারা মোটরসাইকেলের আরোহী ছিল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেল চালক সোনা মিয়া (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯ নম্বরের একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জ-ল ১২-৭১০১ নম্বরের একটি ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে থাকা আলম (১৬) মারা যায়। কালু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত : ময়মনসিংহের ভালুকায় অটোরিকশার ধাক্কায় প্লে শ্রেণিতে পড়ুয়া শিশু ফারহান আহমেদ (৫) মারা গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ধামশুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ফারহান ধামশুর গ্রামের লিটন মিয়ার ছেলে। সে নিউ হলিব্রাইড স্কুলে পড়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারহান তার মায়ের সঙ্গে ভালুকা বাজারে যাচ্ছিল। হালিমুননেছা চৌধুরানী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে আসার পর ফারহান তার মার হাত থেকে ছুটে রাস্তার পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কামপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারহানকে মৃত ঘোষণা করেন।

গজারিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অর্নব সজিব (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহাসড়কের কুমিল্লামুখী লেনের ভাটেরচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্নব সজিব উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের আলী আজমের ছেলে। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অর্নব সজিব মোটরসাইকেলযোগে ভবেরচর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপ দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে আছড়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews