ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। এক লহমায় দর্শক বন্দী হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু। নাটকে অভিনয় দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে হঠাৎ করেই অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন এই অভিনেত্রী। মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তাঁর একটু থামা প্রয়োজন। অভিনেত্রীর কথায়, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’

মাহি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী কোনো বিদায় নয়। তিনি বলেন, ‘এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।’

মাহির পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরা তাকে শুভ কামনা জানিয়েছেন। কেউ বলছেন কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার কেউ তাঁকে দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানাচ্ছেন। তবে বিরতির কারণ নিয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।

এদিকে মাহির ফেসবুক ঘুরে দেখা গেছে, তিনি দেশে ছেড়ে আমেরিকায় বোনের কাছে পাড়ি জমিয়েছেন। নিউ ইয়র্ক থেকে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বাস্তব জীবনটা খুব কঠিন। কাজের চাপে দুই বছর চলে গেল তাও তোর কাছে আসতে পারছিলাম না। অনেক সময় কাজ সম্পর্ককে দূরে সরিয়ে দেয়, কিন্তু কিছু সম্পর্ক আছে যেখানে দূরত্ব কখনোই জায়গা পায় না। আজকে দুই বছর পর আমার বোনকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। এই জড়িয়ে ধরাটা আমার সব অপেক্ষার শেষ করে দিল।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews