প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচিত আয়োজন অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) নতুন একগুচ্ছ প্রযুক্তি উন্মোচন করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সিরি এআই, উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স, শিশুদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন অপারেটিং সিস্টেমসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে অ্যাপল।
তবে এবারের সম্মেলন ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের নেতৃত্বে শেষ ডেভেলপার সম্মেলন। চলতি বছরের সেপ্টেম্বরে সিইও পদ থেকে সরে দাঁড়াবেন কুক। তার স্থলাভিষিক্ত হবেন অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস।
সম্মেলনের শেষ পর্যায়ে টিম কুক বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়।”
নতুন সিরি এআই: আরও স্মার্ট ও কথোপকথনে সক্ষম সহকারী
ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স তথা ডব্লিউডব্লিউডিসি’র সবচেয়ে বড় সফটওয়্যার ঘোষণা ছিল নতুন সিরি এআই। অ্যাপল জানিয়েছে, নতুন এই সংস্করণ আগের চেয়ে অনেক বেশি সক্ষম হবে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়া, লেখালেখিতে সহায়তা করা, ডিভাইসের ভেতরে তথ্য ও ছবি খুঁজে বের করাসহ নানা কাজে সাহায্য করবে।
অ্যাপলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিঘি বলেন, “আমরা সিরি এআই পরিচয় করিয়ে দিতে পেরে উচ্ছ্বসিত। এটি হবে আরও উন্নত ও কথোপকথনভিত্তিক সহকারী, যা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সহায়তা করবে।”
অ্যাপল জানিয়েছে, ডেভেলপাররা আজ থেকেই সিরি এআই পরীক্ষা করার সুযোগ পাবেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য এর বেটা সংস্করণ চলতি বছরের শেষ দিকে উন্মুক্ত করা হবে।
উন্নত হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স
অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম অ্যাপল ইন্টেলিজেন্সের নতুন সংস্করণও উন্মোচন করেছে। এই প্রযুক্তিই নতুন সিরি এআইয়ের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীদের ছবি এআইয়ের মাধ্যমে সম্পাদনা করা, সাফারি ব্রাউজারে ট্যাব স্বয়ংক্রিয়ভাবে সাজানো, ওয়েবসাইটের আপডেট পর্যবেক্ষণ করা এবং দুর্বল বা ফাঁস হওয়া পাসওয়ার্ড শনাক্ত করতে সহায়তা করবে।
এছাড়া ব্যবহারকারীরা শুধু নিজেদের প্রয়োজনের কথা লিখে দিলেই কাস্টম সাফারি এক্সটেনশন তৈরি করতে পারবেন। অ্যাপলের ইমেজ প্লেগ্রাউন্ড (Image Playground) অ্যাপেও আরও বাস্তবসম্মত এআই-নির্মিত ছবি তৈরির সুবিধা যুক্ত হচ্ছে।
শিশুদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা
পরিবারের ডিজিটাল নিরাপত্তা বাড়াতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ঘোষণা করেছে অ্যাপল। এর মাধ্যমে অভিভাবকরা শিশুদের ডিভাইসে অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।
অ্যাপল জানিয়েছে, কিশোর ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অনুপযুক্ত বা সহিংস কনটেন্ট শেয়ার হলে অভিভাবকদের স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করা হবে এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
অ্যাপলের স্বাস্থ্য ও ফিটনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুম্বুল দেশাই বলেন, “পরিবারগুলো যাতে বয়সভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে পারে এবং স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে পারে, সেজন্য আমরা বড় ধরনের আপডেট আনছি।”
অ্যাপল জানিয়েছে, ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য চাইল্ড অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং ১৮ বছর বয়স পর্যন্ত এই সুবিধা ব্যবহার করা যাবে।
নতুন iOS, iPadOS, macOS ও অন্যান্য আপডেট
অ্যাপল জানিয়েছে, নতুন iOS 27, iPadOS 27, macOS 27, watchOS 27 এবং visionOS 27 অপারেটিং সিস্টেম চলতি বছরের শরৎকালে উন্মুক্ত করা হবে। এসব আপডেটের মূল লক্ষ্য থাকবে সিরি এআই এবং অ্যাপল ইন্টেলিজেন্সের নতুন সুবিধাগুলো যুক্ত করা।
অ্যাপলের দাবি, নতুন অপারেটিং সিস্টেমে অ্যাপ চালু হবে ৩০ শতাংশ দ্রুত, ছবি লোড হবে ৭০ শতাংশ দ্রুত এবং AirDrop ব্যবহারের গতি বাড়বে ৮০ শতাংশ পর্যন্ত।
এছাড়া অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ব্যবহারকারীরাও এখন iCloud ফটো অ্যালবামে যুক্ত হতে পারবেন। নতুন `লিকুইড গ্লাস’ ডিজাইন ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী স্বচ্ছ থেকে সম্পূর্ণ রঙিন রূপ নিতে পারবে।
অ্যাপল ওয়াচে আসছে নতুন ফিটনেস ফিচার
watchOS 27-এ `ওয়ার্কআউট বাডি’ নামে নতুন একটি প্রযুক্তি যুক্ত হচ্ছে। এটি ব্যবহারকারীর আগের ফিটনেস তথ্য বিশ্লেষণ করে ব্যায়ামে উৎসাহ দেবে। গতি, দূরত্ব ও ব্যায়ামের সময়ের তথ্য ব্যবহার করে এটি ব্যক্তিগত ফিটনেস সহকারী হিসেবে কাজ করবে।
এছাড়া অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা এখন তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি একবার একসঙ্গে স্পর্শ করলেই Smart Stack-এর উইজেট নির্বাচন করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত দেখতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, টিম কুকের শেষ ডেভেলপার সম্মেলনে অ্যাপলের মূল বার্তা ছিল- ‘প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে চায়’। সূত্র: এবিসি নিউজ
বিডি প্রতিদিন/একেএ