রাজশাহীতে সাইদুর নামে একজন জেলে পদ্মা নদীতে মাছ ধরতে গেলে তার জালে মাছের বদলে উঠে আসে একটি ছোট কিন্তু ভারী বস্তু। কর্দমাক্ত বস্তুটিকে মূল্যবান জিনিস মনে করে বাড়িতে নিয়ে যান তিনি।
বুধবার (১৫ জুলাই) চারঘাট থানাধীন রাওথা গ্রামে এই ঘটনা ঘটে।
ভারী বস্তুটিকে পরিস্কার করার সময় জেলের ছেলে সাব্বির রহমান গুগল সার্চ দিয়ে বুঝতে পারে সেটা একটি বোমা বা গ্রেনেড হবে। তখন সে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে বিষয়টি জানায়।
ফোন পেয়ে তাৎক্ষনিকভাবে চারঘাট থানা, বম্ব ডিসপোজাল ইউনিট এবং জেলা পুলিশ কন্ট্রোলরুমে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল ইয়াছিন আরাফাত এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।
সংবাদপ্রাপ্ত হয়ে চারঘাট থানা ও বম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে এবং যথাযথ নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে সেটি নিষ্ক্রিয় করে।
এএইচ