ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গতকাল সোমবার ঘোষণা করেছেন, নতুন সাধারণ ক্ষমা আইন পাশ হওয়ার পর নির্বাসনে থাকা ভেনিজুয়েলাবাসীরা দেশে ফিরে আসতে পারবেন।

সাধারণ ক্ষমা ঘোষণার ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন কারাগারে বন্দীদের ধীরে ধীরে মুক্তি দেয়া হচ্ছে।

তিনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘আমি আপনাদের জানাচ্ছি ভেনিজুয়েলার দরজা আপনাদের জন্য এবং তাদের জন্য খোলা যারা এই ক্ষত থেকে নিরাময়ের এই প্রক্রিয়ায় ফিরে আসতে চান।’

ভেনিজুয়েলার দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের কারণে আনুমানিক ৭০ লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। যা বিশ্বের অন্যতম বৃহত্তম স্থানচ্যুতি সঙ্কট। দারিদ্র্য, মুদ্রাস্ফীতি, খাদ্য ও ওষুধের অভাব রয়েছে দেশেটিতে। রাজনৈতিক দমনের কারণে অনেক বিরোধী নেতা নির্বাসনে আছেন।

গতকাল সোমবার ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের পূর্বে অবস্থিত রোডিও আই কারাগার থেকে অন্তত ৩০ জন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ফলে, তাদের অপেক্ষমাণ আত্মীয়দের মধ্যে আনন্দের দৃশ্য দেখা গেছে।

কারাগার থেকে মুক্তি পেয়ে গ্রিসিয়া আরানা দৌড়ে এসে তার স্বামী রেইনার্ডো মরিলোর কোলে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য দেখা গেছে।

তিনি মুক্তি পাওয়ার আনন্দে বলেন, ‘আমি এমনটাই স্বপ্ন দেখেছিলাম।’

কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে অনেকেই কারাগারের গেট পেরিয়ে বের হওয়ার সময় ‘আমরা মুক্ত’ বলে আনন্দে চিৎকার করেন।

মুক্তিপ্রাপ্ত বন্দীদের একজন লুইস ভিয়েরা বলেন, ‘আমরা সম্পূর্ণ মুক্ত, কোনো বিধিনিষেধ ছাড়াই।’ তাকে ১৩ মাস ধরে আটকে রাখা হয়েছিল।

একই সাথে, দেশটির কর্তৃপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে বন্দী মাদুরোর মুক্তির দাবি করেছে।

জেনেভায় জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে এক ভাষণে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অবিলম্বে মুক্তি দাবি করেন।

গত ৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের এক অভিযানে মাদুরো এবং তার পত্নীকে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কে কারাগারে বন্দি এবং মাদক পাচারের অভিযোগে বিচার শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন।

৬৩ বছর বয়সী মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং ঘোষণা করেছেন যে, তিনি একজন ‘যুদ্ধবন্দী’।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসঙ্ঘের শীর্ষ মানবাধিকার সংস্থাকে বলেন, গত ৩ জানুয়ারি ২০২৬ চিহ্নিত হলো একটি অত্যন্ত গুরুতর ঘটনার দিন হিসেবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক অভিযানের কারণে ওই দিন ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews