ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, কোরবানি আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা দেয়। কোরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের এক মহান শিক্ষা।

বৃহস্পতিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এটি কেবল আনন্দ-উৎসবের দিন নয়; বরং আত্মত্যাগ, তাকওয়া, আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা লাভের দিন।

তিনি বলেন, কোরবানির ঈদ মানুষকে ত্যাগের মানসিকতা, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। একই সঙ্গে এটি হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত আহ্বান।

বিএনপির এই নেতা আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো মনের অহংকার, লোভ ও স্বার্থপরতা বিসর্জন দিয়ে মানবকল্যাণে আত্মনিবেদিত হওয়া। ত্যাগের মহিমায় উদযাপিত ঈদুল আজহা মানুষকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়।

নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা মডেল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews