ভারপ্রাপ্ত অধিনায়ক লরকান টাকারের ঝড়ো হাফ-সেঞ্চুরির সাথে গ্যারেথ ডিলানি ও জিওর্জি ডকরেলের ক্যামিও ইনিংসের কল্যাণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আয়ারল্যান্ড।

আজ শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ৫ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে ওমানকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। এর মধ্যে শেষ ৪ ওভারে ৮৫ রান তুলে আইরিশরা। টাকার ৫১ বলে ৯৪ রান, ডিলানি ৩০ বলে ৫৬ এবং ডকরেল ৯ বলে ৩৫ রান করেন।

কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অষ্টম ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরমধ্যে ৩ উইকেট নেন ওমানের স্পিনার শাকিল আহমেদ।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে ওমান বোলারদের ওপর ঝড় তুলেন টাকার ও ডিলানি। ৫৬ বলে ১০১ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে ৩টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৫৬ রান অবদান রেখে ফিরে যান ডিলানি। ১৬তম ওভার শেষে আয়ারল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ১৪৯ রান। শেষ ৪ ওভারে ৮৫ রান তুলে আইরিশরা।

১৮তম ওভারে ৩টি ছক্কা ও ২টি চারে ২৬ রান তুলেন টাকার। পরের ওভারে টাকার ও ডকরেল মিলে যোগ করেন ২১ রান। আর শেষ ওভারের শেষ তিন বলে তিন ছক্কায় ২১ রান যোগ করেন ডকরেল। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২৩৫ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। নিজেদের টি-টোয়েন্টিতে এটি সর্বোচ্চ দলীয় রান আয়ারল্যান্ডের। এমনকি চলতি বিশ্বকাপেও এটি সর্বোচ্চ দলীয় রান।

টাকার ১০টি চার ও ৪টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৯৪ রান করেন। শেষ দিকে ৫টি ছক্কায় ৩৮৮.৮৮ স্ট্রাইক রেটে ৯ বলে অপরাজিত ৩৫ রান করেন।

জবাবে আয়ারল্যান্ডের বোলিং তোপে ১৮ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান। ২৪ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৪৯ বলে ৭৩ রান যোগ করেন আমির কালিম ও হাম্মাদ মির্জা। তাদের বিদায়ের পর ওমানের হয়ে আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।

৫টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৫০ রান করেন কালিম। ৩৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন মির্জা। আয়ারল্যান্ডের জশ লিটল ১৬ রানে ৩টি, ম্যাথু হ্যামফ্রিজ ও ব্যারি ম্যাককার্থি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন লরকান।

প্রথম দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল আয়ারল্যান্ড। হ্যাটট্রিক হারে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল ওমান।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews