হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সেবাপ্রত্যাশী মা ও শিশুদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে ‘মা ও শিশু কর্নার’।
বুধবার (৪ মার্চ) দুপুরে ফিতা কেটে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, সরকারি সেবা নিতে আসা মায়েরা যাতে কোনো ধরনের অস্বস্তি বা বিড়ম্বনায় না পড়েন সেই লক্ষ্যেই এই কর্নার স্থাপন করা হয়েছে। মায়েদের জন্য নিরাপদ ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।
‘মা ও শিশু কর্নার’-এ সেবাপ্রার্থী মায়েদের জন্য রয়েছে নিরাপদ ও নিরিবিলি মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা। ফলে এখন থেকে মায়েরা নিশ্চিন্তে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন এবং শিশুরাও থাকবে সুরক্ষিত পরিবেশে।
উদ্বোধন শেষে উপস্থিত সবার অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ