বুরকিনা ফাসোর জান্তা প্রধান বলেছেন, জনগণকে গণতন্ত্রের কথা ‘ভুলে যেতে’ হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির জাতীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত ২০২২ সালের সেপ্টেম্বরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে। তিনি এর আগে আরেকটি সামরিক সরকারের পতন ঘটান। ক্ষমতায় আসার পর থেকেই ভিন্নমত দমনে কঠোর অবস্থান নিয়েছে তার সরকার।

গত বছর সামরিক সরকার দেশটির নির্বাচন কমিশন ভেঙে দেয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে জান্তা-শাসিত পার্লামেন্ট সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে। ২০২২ সাল থেকেই এসব দলের কার্যক্রম স্থগিত রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিবিকে দেয়া সাক্ষাৎকারে ট্রায়োরে বলেন, ‘এখন আমরা নির্বাচন নিয়ে ভাবছি না। মানুষের উচিত গণতন্ত্রের বিষয়টি ভুলে যাওয়া। গণতন্ত্র আমাদের জন্য নয়।’

২০২২ সালের জানুয়ারিতে প্রথম সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে গণতান্ত্রিক শাসনে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে এই অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল।

তবে সে বছর জান্তা সরকার এই সময়সীমা আরো পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে ট্রায়োরে দেশটিতে ক্ষমতায় থাকার সুযোগ পান।

দেশটির রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে এবং নাগরিক স্বাধীনতার ওপর দমন-পীড়ন বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ।

ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমা দেশ এবং বিশেষ করে ফ্রান্সের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে এই জান্তা সরকার। তারা ইতোমধ্যে অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যম নিষিদ্ধ বা স্থগিত করেছে এবং বেশ কয়েকজন সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করেছে।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews