রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় গাড়ির ধাক্কায় পরশ মিয়া বেপারী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) বেলা পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা।
নিহত পরশ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা মধ্যনগর এলাকার হামিদ ব্যাপারীর ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো: জামাল হোসেন জানান, পরশ মিয়া বেপারী দিনমজুরের কাজ করতেন। সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে আনা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।