বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির বিয়ে নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় শুরু হওয়া এক বিতর্কিত আলোচনার কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী। ২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসা এই তারকা দম্পতি একটি আলাপচারিতায় নিজেদের সম্পর্ককে রসিকতা করে ‘সিচুয়েশনশিপ’ বলে অভিহিত করেছিলেন। 

কিন্তু প্রেক্ষাপট ছাড়াই সেই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে ছড়িয়ে পড়ায় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাকুল।

ঘটনাটির সূত্রপাত হয় ইউটিউবের একটি চ্যাট শো থেকে, যেখানে জ্যাকি ভাগনানি বলেছিলেন যে তারা বিবাহিত হলেও তাদের মধ্যে একটি দারুণ ‘সিচুয়েশনশিপ’ বিদ্যমান। তবে তিনি এর ব্যাখ্যা দিয়ে জানান, তাদের সম্পর্কটি এতটাই সহজ যে তারা একে অপরের সঙ্গে সব বিষয়ে খোলামেলা কথা বলতে পারেন এবং কেউ কারও ওপর নির্ভরশীল নন। 

কিন্তু জ্যাকি ও রাকুলের এই নিছক মজার আলাপটিকে অনেক মাধ্যম ‘ক্লিকবেট’ হিসেবে ব্যবহার করে তাদের দাম্পত্য নিয়ে প্রশ্ন তোলে। এর প্রেক্ষিতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাকুল প্রীত সিং লিখেছেন, এক ঘণ্টার আলাপ থেকে মাত্র একটি লাইন নিয়ে যেভাবে শিরোনাম তৈরি করা হয়েছে তা অত্যন্ত হাস্যকর। তিনি স্পষ্ট জানান, কথার প্রেক্ষাপট ও সূক্ষ্ম পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি এবং দায়িত্বশীল সাংবাদিকতা কাম্য।

রাকুল আরও স্পষ্ট করেছেন, তাদের সম্পর্কের ভিত্তি একে অপরের অভাব পূরণ করা নয়, বরং দুজনেই ব্যক্তিগতভাবে সুখী এবং একসঙ্গে থাকলে সেই সুখ আরও বহুগুণ বেড়ে যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি গোয়াতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিখ ও সিন্ধি—উভয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। তাদের মতে, সম্পর্কের গভীরতা কেবল নির্দিষ্ট সংজ্ঞায় সীমাবদ্ধ নয়, বরং বন্ধুত্বের মাধ্যমেই তারা তাদের দাম্পত্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 

বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ জানিয়ে রাকুল সংবাদ মাধ্যমগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews