সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ফলে বেড়েছে সব কটি মূল্যসূচক। সেই সঙ্গে ডিএসইতে দুই মাস পর এক হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে দাম কমেছে ১২১টির। আর ৫৭টির দাম অপরিবর্তিত ছিল। দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯২৯ কোটি ৮৮ লাখ টাকা। এই লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংকের শেয়ার। প্রতিটি ৬০ পয়সা বেড়ে কোম্পানিটির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকার। ২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩০ প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯১টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৭ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৩ কোটি ২৯ লাখ টাকা।