বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর শহরের বাড়ির বৈদ্যুতিক সংযোগের সব তার আড়াই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে এ দুঃসাহসিক চুরি সংঘটিত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-৩ (সিংড়া) আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর শহরের (নবাব সিরাজ উদ-দৌলা-সরকারি কলেজের প্রধান ফটকের বিপরীতে) চারতলা ভবনে বৃহস্পতিবার রাত ২টার দিকেও বিদ্যুৎ ছিল। হঠাৎ করে শেষ রাতের দিকে পুরো বাড়ির ১৬টি ইউনিট একসঙ্গে অন্ধকার হয়ে যায়। চোরেরা এ সময় বাহির থেকে বাড়ির গেট দড়ি দিয়ে বেঁধে রাখে এবং সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রাখে।
সেখানে বসবাসকারীরা প্রচন্ড গরমে বাসার ভেতরে অবস্থান করতে না পারলেও বাইরে আসতে পারেনি। সকালে পাশের বাসায় ফোন করে বিষয়টি জানালে তারা এসে বাঁধন কেটে গেট খুলে দেয়। এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর স্ত্রী সাহাবিবুল আসমা ও বাড়ির ভাড়াটিয়ারা দেখতে পান পাশের বিদ্যুতের খাম্বা থেকে বাড়িটির বিদ্যুৎ সংযোগের সব তার চুরি হয়ে গেছে।
বিষয়টি তিনি তাৎক্ষণিক নাটোর থানা পুলিশ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে অবগত করেন। নবনির্বাচিত সংসদ সদস্যের বাড়ির বিদ্যুৎ সংযোগের সব তার আড়াই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চুরি হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে ৩১ মার্চ ভোরের দিকে একই বাসভবনে আরেকবার সব তার চুরির ঘটনা ঘটে।
নাটোর থানার ওসি মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘবদ্ধ চোর চক্রকেও আটকের চেষ্টা চলছে।
অন্যদিকে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর স্ত্রী সাহাবিবুল আসমা জানিয়েছেন, খবর পেয়ে সকাল থেকেই বিদ্যুৎ বিভাগের লোকজন তাদের বাসায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে।