প্রখ্যাত গায়ক সোনু নিগম তার পেশাগত জীবনের অন্যতম কঠিন এক অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, গায়কদের কপিরাইট ও রয়্যালটির অধিকারের পক্ষে কথা বলার সিদ্ধান্তটি কীভাবে তার ক্যারিয়ারকে প্রভাবিত করেছিল। এই প্রখ্যাত প্লেব্যাক গায়ক বলেন, তিনি কখনও ভাবেননি যে একটি বৃহত্তর উদ্দেশ্যের পক্ষে কথা বলার কারণে তাকে শীর্ষস্থানীয় মিউজিক লেবেলগুলোর কাজ হারাতে হবে। সোনুর মতে, নানা প্রতিকূলতা সত্ত্বেও সেই লড়াইটি সার্থক ছিল, কারণ তা ভারতীয় সঙ্গীত জগতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করেছে। এখন তার এই অকপট মন্তব্য সঙ্গীতপ্রেমী ও সংশ্লিষ্ট মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
কোমল নাহতার পডকাস্ট 'গেম চেঞ্জার্স: দ্য মিউজিক সিরিজ'-এ কথা বলার সময় সোনু নিগম ব্যাখ্যা করেন কীভাবে গায়কদের অধিকার আদায়ের আন্দোলন তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি বলেন, "আমার একটা সময় ছিল, তারপর তা কেটে গেল এবং এখন আবার সেই সময় ফিরে এসেছে। সবকিছুই সময়ের ব্যাপার। ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। তখন আমি একের পর এক অ্যালবাম প্রকাশ করছিলাম, যা নিয়ে শ্রোতাদের মধ্যে উন্মাদনা ছিল। এমনকি আমার পোস্টারও বিক্রি হতো। কপিরাইট ও রয়্যালটির বিষয়টি সামনে আনার পরবর্তী ঘটনাপ্রবাহের কথা স্মরণ করে সোনু আরও বলেন, এরপরই আমি কপিরাইট নিয়ে প্রশ্ন তুললাম। টি-সিরিজ আমাকে নিষিদ্ধ করল। জি মিউজিকও আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দিল। তারা বলতে লাগল, ও তো এখন আন্দোলনকারী হয়ে গেছে।  তিনি আরও বলেন, আমি কখনও ভাবিনি যে আমাকে নিষিদ্ধ করা হবে। আমার বিশ্বাস ছিল আমরা হয়তো আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলতে পারব। কিন্তু পরিস্থিতি কেবলই খারাপের দিকে গড়াতে লাগল। যখন দেখলাম আমার জন্য সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন বুঝলাম—তারা হয়তো আমাকে গান দেওয়া বন্ধ করতে পারে। কিন্তু মঞ্চে পারফর্ম করা থেকে আমাকে কখনোই আটকাতে পারবে না।
গায়ক তার এই উদ্যোগের পেছনের অনুপ্রেরণা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ঈশ্বর আমাকে কেবল গান গাওয়ার জন্যই সৃষ্টি করেননি। তিনি আমাকে একটি বিশেষ উদ্দেশ্য দিয়েছেন—লতা মঙ্গেশকর জি যে কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি, তা এগিয়ে নিয়ে যাওয়া। মনে হলো যেন ঈশ্বর আমাকে বলছেন, 'তুমি তোমার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে থাকা অবস্থায় এই চ্যালেঞ্জটি গ্রহণ করবে। যদি তুমি তা না করো, তবে অন্য কারও মধ্যে এমন সাহস থাকবে না। তার এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে ওঠে যে, ব্যক্তিগত সাফল্যের চেয়ে গায়কদের অধিকার রক্ষার বিষয়টিই ছিল এই লড়াইয়ের মূল লক্ষ্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews