বাংলাদেশে আবার আধিপত্যবাদী রাজনীতি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন ও সংস্কার বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় ১১ দলীয় জোটের আয়োজনে ঢাকা-১৯ আসনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নাহিদ ইসলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, জনগণের কাছে নিজের রাজনৈতিক পরিকল্পনা স্পষ্ট না করে তিনি দেশের বিভিন্ন ইপিজেড, চিনিকল কিংবা ভুট্টা চাষের এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তিনি তারেক রহমানকে জনগণের সামনে তার রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান এবং বলেন, যে কোনো পরিকল্পনা যদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে করা হয়, তবে তা প্রতিহত করা হবে।

শেরপুরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম আরও বলেন, পুরনো ফ্যাসিস্ট কায়দায় হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ আর মেনে নেবে না। তিনি বলেন, এ ধরনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন হচ্ছে আগামী ১২ তারিখ।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশি ও বিদেশি অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে সরকার গঠন করা হবে, ফলে দক্ষতা ও অভিজ্ঞতার কোনো ঘাটতি থাকবে না। তিনি পরিবর্তন ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে শাপলা প্রতীকে ভোট চান।

সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দিলশানা পারুল, জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারি আফজাল হোসাইনসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews