বঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজ নিয়ে ভারতীয় নৌবাহিনীর মহড়া

অনলাইন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৬ অপরাহ্ণ

ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক সামুদ্রিক মহড়া ‘মিলান ২০২৬’ বুধবার শেষ হয়েছে। বঙ্গোপসাগরে সপ্তাহব্যাপী এ মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং ২৯টি সামরিক উড়োজাহাজ অংশ নেয়। বন্ধুত্বপূর্ণ ১৮টি দেশের নৌজাহাজও এতে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘ক্যামারাডারি, কো-অপারেশন, কোলাবোরেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এ মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত-এর ডেকে। এটি অনুষ্ঠিত হয় বিশাখাপত্তনম উপকূলের কাছে।

ভারতীয় নৌবাহিনী জানায়, এবারের মিলান মহড়া অভূতপূর্ব পরিসরে আয়োজন করা হয়েছে, যার লক্ষ্য ছিল বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা।

মহড়ায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নজরদারি উড়োজাহাজও অংশ নেয়। প্রথমে ‘হারবার ফেজ’-এ দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সামুদ্রিক সেমিনার ও বিশেষজ্ঞদের আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তী ‘সি ফেজ’-এ উচ্চমাত্রার সামরিক অনুশীলন পরিচালিত হয়। এতে সমন্বিত আকাশ প্রতিরক্ষা, সাবমেরিনবিরোধী যুদ্ধকৌশল, সামুদ্রিক বাধা অভিযান, যোগাযোগ মহড়া এবং ক্রস-ডেক ফ্লাইং অপারেশন অন্তর্ভুক্ত ছিল। লাইভ ফায়ারিং অনুশীলনে কামান ও অ্যান্টি-এয়ারক্রাফট অস্ত্রের ব্যবহার করা হয়। অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী যৌথভাবে পরিকল্পনা করে বিভিন্ন মিশন সফলভাবে সম্পন্ন করে।

ভারতের পক্ষ থেকে আইএনএস বিক্রান্ত ছাড়াও বিশাখাপত্তনম-শ্রেণির ডেস্ট্রয়ার, নীলগিরি-শ্রেণির প্রজেক্ট ফ্রিগেট এবং ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তারসহ বিভিন্ন যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নেয়।

পূর্বকোণ/এএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews