ওয়াশিংটন, ১৭ মার্চ – ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কিছু দেশ তেমন উৎসাহ দেখাচ্ছে না—এমনকি যেসব দেশকে বহু বছর ধরে সহায়তা করে এসেছে যুক্তরাষ্ট্র, তারাও।

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক মাইন ব্যবহার করে কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রণালিটি নিরাপদ করতে বিভিন্ন দেশকে সহায়তার আহ্বান জানালেও প্রত্যাশিত সাড়া মেলেনি।

জানা গেছে, জার্মানি, স্পেন ও ইতালি আপাতত উপসাগরীয় অঞ্চলে কোনো মিশনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য ও ডেনমার্ক বলেছে, তারা সহায়তার বিষয়টি বিবেচনা করবে, তবে সংঘাত কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কিছু দেশ সহায়তায় আগ্রহী হলেও অনেকেই তেমন উৎসাহ দেখাচ্ছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র এমন কিছু দেশে প্রায় ৪৫ হাজার সেনা মোতায়েন করে রেখেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করছে, কিন্তু সেসব দেশের কেউ কেউ এখন মাইন অপসারণকারী জাহাজ পাঠাতে অনাগ্রহ দেখাচ্ছে।

তবে ফ্রান্স জানিয়েছে, তারা সম্ভবত এই উদ্যোগে সহায়তা করতে পারে।

এর আগে ট্রাম্প খার্গ দ্বীপে আরও হামলার হুমকি দেন, যা ইরানের তেল রপ্তানির বড় কেন্দ্র—দেশটির প্রায় ৯০ শতাংশ তেল এখান দিয়ে রপ্তানি হয়। যুক্তরাষ্ট্র এরই মধ্যে সেখানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার জবাবে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে তেহরান যুদ্ধ শেষ করতে কোনো গুরুতর আলোচনায় প্রস্তুত কিনা তা নিয়ে তিনি সন্দিহান।

এদিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বৈশ্বিক জ্বালানি বাজারে বড় অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে পেট্রলের দামও বাড়তে শুরু করেছে, যা ট্রাম্পের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিকল্পনা এবং নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাবনার ওপর প্রভাব ফেলতে পারে।

এনএন/ ১৭ মার্চ ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews