নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাওয়া কথা ছিল জাতীয় দলের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। তবে তাদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতপরশু রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ শেষ হওয়ার পর এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ইনজুরি ও আসন্ন আন্তর্জাতিক সূচি দুটোই বড় ভূমিকা রেখেছে এই সিদ্ধান্তে।
বিসিবি জানিয়েছে, তৃতীয় ওয়ানডের পর মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে দলের মেডিক্যাল টিম। তার চোটের প্রকৃতি নির্ধারণে দ্রুত একটি স্ক্যান করানো হবে। এরপর বিসিবির তত্ত্বাবধানে পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়া শুরু করবেন তিনি। এই পরিস্থিতিতে মুস্তাফিজকে দেওয়া আগের এনওসি প্রত্যাহার করেছে বোর্ড। ফলে তিনি আর পিএসএলের বাকি অংশে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে আরেক পেসার নাহিদ রানাকেও পিএসএলে খেলার জন্য ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের মতে, গতপরশু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ের সময় বোলিং মার্কের বিজ্ঞাপনের পেরেক লেগে ছড়ে যাওয়া হাত সারতে এবং আসন্ন পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থাকায় তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেওয়াই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।